গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে এই লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে লটারির ফলাফলের ভিত্তিতে দেশের আটটি বিভাগে প্রকৌশলীদের পদায়ন করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ১১৯ জন, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২৭ জন করে, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জনকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, লটারিভিত্তিক এই পদ্ধতি বদলি প্রক্রিয়ায় তদবির ও অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে। এর আগে গত ৩০ জুলাই একইভাবে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) লটারির মাধ্যমে বদলি করা হয়েছিল, যা অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























