পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের প্রেক্ষাপটে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানান, পলাতক শেখ হাসিনা বা কার্যক্রম-নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যদি ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের কর্মকাণ্ড রোধে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন। উভয় পক্ষই পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে। বর্তমান তারেক রহমান সরকারের আমলে ঢাকা-দিল্লি সম্পর্ককে একটি স্বচ্ছ ও টেকসই অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























