দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম। তিনি সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব।
মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ এবং ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জনকারী ড. মো. সাহেদুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নিজের প্রতিক্রিয়ায় মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন বিজিএমইএতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বিজিএমইএর পর্ষদ ও সকল উদ্যোক্তার সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















