দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় তিনটি মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রবর্তন, সোলার ইনভার্টার তৈরির কাঁচামাল আমদানিতে বিশেষ প্রণোদনা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী ও লাভজনক করার লক্ষ্যে একটি কার্যকর অর্থনৈতিক মডেল তৈরি করা। প্রাথমিক ধাপে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয় এবং পরিকল্পনা কমিশনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এই প্রযুক্তি স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার দৃশ্যমান হলে সাধারণ মানুষের মধ্যেও এই প্রযুক্তি গ্রহণের প্রবণতা বাড়বে। সভায় বেসরকারি খাতের প্রতিনিধিরা আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাব্যতা নিয়ে উপস্থাপনা তুলে ধরেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও উঠে আসে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এয়ার কন্ডিশনার, লিফট ও ফ্যানের মতো উচ্চ বিদ্যুৎচাহিদাসম্পন্ন যন্ত্রপাতিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের অর্থনৈতিক ও কারিগরি সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 




















