জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে চলতি বছরের মে ও জুন মাসে ইংল্যান্ডে ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে প্রায় ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ)-এর তথ্যমতে, গত দুই মাসে তাপজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে, যা ২০২২ সালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার পথে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইংল্যান্ডের মতো শীতপ্রধান দেশে অধিকাংশ ঘরবাড়ি ও অবকাঠামো তীব্র গরম মোকাবিলায় উপযোগী নয়। সেখানে শীত প্রতিরোধের ব্যবস্থা থাকলেও এসি বা উন্নত কুলিং সিস্টেমের অভাব রয়েছে। ফলে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও তা সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
তীব্র দাবদাহের কারণে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং দমকল বাহিনীর ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। আগস্ট মাসে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস থাকায় জনস্বাস্থ্যের ওপর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে ইংল্যান্ডে এ ধরনের চরমভাবাপন্ন আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে।
রিপোর্টারের নাম 






















