বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির সূচনা হয়েছে জুলাই মাসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এর সমাপ্তি ঘটবে আগামী ৩ আগস্ট একই স্থানে একটি ছাত্র সমাবেশের মাধ্যমে।
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানকে স্বীকৃতি প্রদান, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রামের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যেই এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ইতোমধ্যেই জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন। আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশ আয়োজন করা হবে, যেখানে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন। একই দিনে, চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি বিশেষ কর্মসূচি পালন করবে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান বিষয়ে একটি স্মরণসভা হবে। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ঘটনাবলির ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ আয়োজিত হবে। একই দিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকও অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 
























