সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সেবা কার্যক্রম চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে গত ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে একাডেমিক ভবনে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের তালাবদ্ধ করে রেখে বিক্ষোভ মিছিল করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে হাসপাতাল চালুর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু হাসপাতাল চালু না করেই তাদের শিক্ষাকার্যক্রম চলছে, যা তাদের কোনো কাজে আসবে না। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ প্রশাসন তাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি এবং মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকেরও ব্যবস্থা করতে পারেনি। তাদের দাবি, শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্যা বুঝতে পারছেন না এবং উল্টো তাদের সাথে তর্ক করছেন। তাই বাধ্য হয়েই তারা শিক্ষকদের অবরুদ্ধ করেছেন।
শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব বলেন, বৃহস্পতিবার অনেক শিক্ষক কম আসেন। আজ সবাই এসে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করছেন। এমন আশ্বাসে বছর পার হয়ে গেছে। তাই বাধ্য হয়ে একাডেমিক ভবনের গেটে বাহির থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছি।
এ বিষয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের মূল দাবি দুটি ছিল—এক হলো হাসপাতাল চালু ও দ্বিতীয়টি হলো শিক্ষক নিয়োগ। তিনি জানান, গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে আউটডোর সেবা চালু হবে এবং অক্টোবর মাস থেকে মেডিসিন ওয়ার্ডের মাধ্যমে ইনডোর কার্যক্রম শুরু হবে। ডিসেম্বরের মধ্যে হাসপাতাল পুরোপুরি চালু হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে শিক্ষার্থীরা এই রোডম্যাপ মানতে নারাজ এবং শিক্ষকদের তালাবদ্ধ করে রাখাটা সঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 

























