খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে পানছড়ির ব্যাঙ্গাপাড়া এলাকায় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ ছাড়া আস্তানা থেকে কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, এলআরপি তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় সেনাবাহিনী।
অভিযান শেষে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
রিপোর্টারের নাম 























