ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই কর্মসূচী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই মাসের প্রথম প্রহরে শুরু হয়ে আগামী ৩ আগস্ট একই স্থানে এক ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হবে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানকে স্বীকৃতি প্রদান এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এই মাসব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য। একইসাথে দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনও এর অন্যতম উদ্দেশ্য।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন। ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা। এছাড়াও ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন। একইদিনে (১৬ জুলাই) সারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা আয়োজন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি পালিত হবে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান বিষয়ে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ঘটনাবলির ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ আয়োজন করা হবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ ছবি নিয়ে চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকেরও আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























