জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বর্তমান সরকারের রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। বৃহস্পতিবার সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সবুর ফকির বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, তাদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ না থাকা অত্যন্ত পরিতাপের বিষয়। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের তথ্য ও স্মৃতি সংরক্ষণে সরকারের উদাসীনতা জনমনে সংশয় তৈরি করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে ফ্যাসিবাদী শাসনের গণহত্যার চিত্র বা আন্দোলনের বীরত্বগাথা তুলে ধরার কোনো বিশেষ আয়োজন দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















