বরিশালের উজিরপুরে এক চাঞ্চল্যকর রায়ে আপন ভাতিজিকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন।
মামলার ইজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে আলমগীর সিকদার তার মাদ্রাসাপড়ুয়া নবম শ্রেণির ভাতিজিকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। এই পাশবিকতার ফলে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ অন্তঃসত্ত্বা অবস্থাতেই তাকে আবারও ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী তার মাকে বিষয়টি জানায়। এরপর তার বাবা উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্ত আলমগীর সিকদারকে গ্রেপ্তার করে। আদালত দীর্ঘ সময় ধরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার এই ঘৃণ্য অপরাধের রায় ঘোষণা করেন, যা সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















