২৫২ কোটির মাদক মামলায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে। কয়েক দিন আগেই ‘সেলেব ইনফ্লুয়েন্সার’ ওরি-কে তলব করা হয়েছিল। এবার একই মামলায় মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিক্স বিভাগ সমন পাঠিয়েছে শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে। আগামী ২৫ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছে, সেদিনই রেকর্ড করা হবে তার বক্তব্য।
২০ নভেম্বর মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিক্স দপ্তরে হাজির হওয়ার কথা থাকলেও ওরি উপস্থিত হননি বলে বলিউডের বিভিন্ন সূত্র জানিয়েছে। তিনি আরও কিছু সময় চাইলে কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করে।
এই পরিস্থিতিতেই তলব করা হয়েছে শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে, যাকে ২০২২ সালে বেঙ্গালুরুতে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল।
২০২৪ সালের মার্চে তদন্তকারীরা সাংলি থেকে মেফিড্রোন (এমডি) নামে পরিচিত ১২৫.১৪ কেজি মাদক উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ২৫২ কোটি টাকা। এ ঘটনায় গত অক্টোবর মাসে মুম্বাইয়ের ঘাটকোপার থেকে মোহম্মদ সেলিম ও মোহম্মদ সুহেল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, মুম্বাইয়ের বিভিন্ন রেভ পার্টিতে তারা এসব মাদক সরবরাহ করতেন। সেই পার্টিগুলিতে বহু তারকা যাতায়াত করতেন বলেও দাবি করা হয়েছে। তালিকায় রয়েছে নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, সিদ্ধান্ত কাপুর, পরিচালক আব্বাস-মাস্তান, র্যাপার লোকা, ওরি এবং এনসিপি নেতা জিশান সিদ্দিকীর নাম।
এদিকে গ্রেপ্তার হওয়া মোহম্মদ সুহেল শেখ দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ মাদক কারবারি সেলিম ডোলার সহযোগী বলেও জানা গেছে। আর এই বিতর্কিত পার্টিগুলোতে উপস্থিতির কারণেই বর্তমানে পুলিশের নজরে রয়েছেন ওরি ও সিদ্ধান্ত কাপুর।
এর আগেও নোরা ফাতেহিকে ঘিরে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ থাকার অভিযোগে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সবকিছুর উত্তাপে আবারও বলিউডকে ঘিরে প্রশ্ন উঠেছে “বলিউড কি সত্যিই নেশার আখড়ায় পরিণত হচ্ছে”?
রিপোর্টারের নাম 

























