ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবদল নেতার বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়ে মৎস্য খামার দখল ও মাছ লুটের অভিযোগ উঠেছে। বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আকরাম খান তসলিমের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন ভুক্তভোগী মঈন খান ও তুষার খান। সংবাদ সম্মেলনে তারা নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগীদের দাবি, গফরগাঁওয়ের পাগলা থানার স্বল্পছাপিলা গ্রামে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে তারা একটি বাণিজ্যিক মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন। এর আগে ওই জমি যুবদল নেতা তসলিমের লিজ নেওয়া থাকলেও তিনি দীর্ঘদিন মালিকদের পাওনা পরিশোধ করেননি। ফলে মালিকরা তার চুক্তি বাতিল করে নতুনদের কাছে জমি লিজ দেন। এরপর থেকেই তসলিম তার ক্যাডার বাহিনী নিয়ে খামারটি দখলের চেষ্টা ও মালিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৩ সেপ্টেম্বর তসলিমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক খামারে হামলা চালিয়ে মালিকপক্ষের একজনকে কুপিয়ে জখম করে। এছাড়া গত কয়েক মাসে দফায় দফায় প্রায় সাড়ে ৭ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং হুমকি দিচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।
রিপোর্টারের নাম 
























