গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চার জন নিহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় এখনও সম্পূর্ণভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং তিন জন পুরুষ রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রিপোর্টারের নাম 





















