বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে মুখ খুলেছেন। একটি পডকাস্টে মদ্যপান নিয়ে কথা বলার পর কিছু সংবাদমাধ্যম তিনি ‘অ্যালকোহল আসক্ত’ ছিলেন বলে খবর প্রকাশ করলে বিপাকে পড়েন অভিনেত্রী।

এই প্রেক্ষিতে ‘অব দ্য রকস অ্যান্ড আমাহা’ নামক একটি সচেতনতা উদ্যোগ এবং জাহ্নবী নিজে স্পষ্ট করেছেন যে, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি রাজ সামানির পডকাস্টে জাহ্নবী জীবনের এক কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন, সেই সময় তিনি নিয়মিত মদ্যপান করতেন। তবে তিনি জোর দিয়ে বলেন যে, তিনি কখনোই ‘আসক্ত’ ছিলেন না। জাহ্নবী লক্ষ্য করেন, মদ্যপান তাঁর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সকালে ঘুম থেকে ওঠার পর তিনি অস্বস্তি বোধ করতেন।

এমনকি নিজের শরীর থেকে আসা গন্ধ তাঁকে তাঁর পরিচিত এক নেশাগ্রস্ত ব্যক্তির কথা মনে করিয়ে দিত। এই উপলব্ধি থেকেই তিনি দ্রুত সেই অভ্যাস ত্যাগ করেন।

এই বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাহ্নবী আসক্তি নিরাময় সংক্রান্ত উদ্যোগের একজন সহযোগী হিসেবে কাজ করছেন, কিন্তু তাঁর নিজের কখনো আসক্তি বা অ্যালকোহল-নির্ভরতার অভিজ্ঞতা ছিল না।

ভুল তথ্য বা ‘ক্লিকবেট’ সংবাদের মাধ্যমে বিষয়টিকে অতিরঞ্জিত করা আসক্তির সঙ্গে লড়াই করা মানুষের সংগ্রামের প্রতি অসম্মানজনক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জাহ্নবী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই বিবৃতি শেয়ার করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























