মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টা নাগাদ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টা ৫৫ মিনিটে বগিটি উদ্ধার করা হয় এবং এরপরই সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়েছিল। পরবর্তীতে হাইড্রোলিক টুলব্যান ব্যবহার করে ট্রেনটি উদ্ধার করা হয়। রাত ৮টা ৫৫ মিনিটে এই উদ্ধার কাজ শেষ হওয়ার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন যে, উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 



















