যেখানে ঈদের আনন্দ থাকার কথা ছিল নতুন পোশাক, পরিবার আর উৎসবের ব্যস্ততায়, সেখানে রাজধানীর কালশী বস্তির অনেক মানুষের জীবন এখন থমকে আছে পোড়া ছাইয়ের স্তূপে। ভয়াবহ এক আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, সঞ্চয় আর সন্তানদের ঈদের কাপড় হারিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে শতাধিক পরিবারের।
মর্মান্তিক সেই অগ্নিকাণ্ডের দুই দিন পরও ক্ষতিগ্রস্ত মানুষজন পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ ঘেঁটে খুঁজে ফিরছেন নিজেদের শেষ সম্বল।
কালশী এলাকায় সরেজমিনে দেখা যায়, কেউ পোড়া টিন, কাঠ ও ছাইয়ের স্তূপ সরিয়ে খুঁজছেন প্রয়োজনীয় কাগজপত্র, কেউবা ছাইয়ের ভেতর থেকে উদ্ধার করার চেষ্টা করছেন ব্যবহারযোগ্য কিছু জিনিস।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর জায়গাজুড়ে এখন শুধু কালো ছাই, বাঁকানো টিন আর ভাঙা কাঠামো। অনেক পরিবার আশপাশের অস্থায়ী শেড কিংবা খোলা জায়গায় আশ্রয় নিয়েছে। সামনে ঈদ হলেও তাদের চোখেমুখে নেই উৎসবের কোনো আনন্দ—আছে শুধু অনিশ্চয়তা আর বেঁচে থাকার সংগ্রাম।
ক্ষতিগ্রস্তদের ভাষ্য, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অধিকাংশ মানুষ কিছুই বের করতে পারেননি। মুহূর্তেই পুড়ে গেছে বহু বছরের গড়ে তোলা সামান্য স্বপ্ন আর জীবনযাপনের সব অবলম্বন।
আশপাশের অস্থায়ী শেড ও খোলা জায়গায় আশ্রয় নেওয়া এসব মানুষ ভাবছেন, কোথায় থাকবেন, কীভাবে পরিবার নিয়ে ঈদ কাটাবেন, সেই অনিশ্চয়তাই এখন তাদের বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















