মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে শুরু হওয়া বিশ্বকাপ দাবা কোয়ালিফায়িং ইভেন্ট এশিয়ান ইনডিভিজুয়াল দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান প্রথম রাউন্ডে জয়লাভ করেছেন। শুক্রবার (২৯ মে) অনুষ্ঠিত প্রথম রাউন্ডে তিনি হংকংয়ের হো ইন হেই হেনরিকে পরাজিত করেন। সাদা ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট একসেপটেড পদ্ধতির খেলায় ৫৯ চালের মাথায় ফাহাদ তার জয় নিশ্চিত করেন।
অন্যদিকে, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ তার প্রথম রাউন্ডে হেরে গেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণব আনন্দের কাছে। কালো ঘুঁটি নিয়ে রুই লোপেজ ওপেনিং পদ্ধতির খেলায় নিয়াজ ৩৮ চালে পরাজিত হন।
এই প্রতিযোগিতায় এশিয়ার ২৮টি দেশের মোট ১৪৩ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৩৪ জন গ্র্যান্ডমাস্টার এবং ৩৭ জন আন্তর্জাতিক মাস্টার। এই টুর্নামেন্টের শীর্ষ পাঁচ খেলোয়াড় ২০২৭ সালের ফিদে বিশ্বকাপ দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।
রিপোর্টারের নাম 
























