ঢাকাই শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম আবারও তার পোশাক এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ফ্যাশন সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে তিনি জানান, তার পরিহিত লাল রঙের ওয়েস্টার্ন পোশাকটি ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে কেনা এবং ভবিষ্যতে সেখানে গেলে এমন আরও পোশাক কেনার ইচ্ছা আছে তার।

অনুষ্ঠানে নিজের সাজপোশাক সম্পর্কে মিম জানান, যেকোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কোন পোশাকে বা কোন লুকে হাজির হবেন, তা নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। সৌদি আরবের পোশাকের সংগ্রহ সম্পর্কে মিম বলেন, “ওখানে অত্যন্ত চমৎকার সব ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায়।

লাল রঙ আমার খুব পছন্দ এবং লাল পোশাকে আমাকে সুন্দর লাগে। এই ড্রেসটা ওমরাহ করতে গিয়ে জেদ্দা থেকে কিনেছিলাম। ওখানে এত সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় সেটা আমার আগে জানা ছিল না। নেক্সট টাইম সৌদি আরব গেলে আমি অবশ্যই আরও অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনব।” তবে পোশাকটির দাম কত, তা তিনি জনসমক্ষে প্রকাশ করতে চাননি।

ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে মিম জানান, দীর্ঘদিন ধরে বড় পর্দার প্রস্তাব পেলেও মনের মতো চিত্রনাট্য ও সহ-শিল্পী না পাওয়ায় বড় কোনো প্রজেক্টে নামা হয়নি। তবে বর্তমানে একটি সিনেমার কাজ চলমান রয়েছে যার শুটিং এখনও বাকি। কাজের মাধ্যমে খুব শীঘ্রই দর্শকদের সামনে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম ২০১২ সালে বিয়ে করেছিলেন এবং ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। শোবিজ অঙ্গনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলেও ব্যক্তিগত নানা জটিলতায় তাকে দীর্ঘ সময় বিরতি নিতে হয়েছিল। বর্তমানে তিনি নতুন উদ্যমে কাজ শুরুর চেষ্টা করছেন।

তবে আলোচিত ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ওঠেন মিম। একপর্যায়ে সাংবাদিকদের মাইক্রোফোন ছুঁড়ে ফেলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























