আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দেশের সব জেলা শাখা ও ইউনিটকে এই নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। শনিবার রাজধানীর পরীবাগে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কফিল উদ্দিন আহম্মেদ এবং সঞ্চালনা করেন মো. সাইফুল আলম।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব কমিটি গঠন করা হবে, যা যানজট ও দুর্ঘটনা সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবে।
এ ছাড়া গণপরিবহন ও পণ্য পরিবহনে এআইটি বৃদ্ধি এবং টায়ার টিউবসহ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে মালিকদের আর্থিক চাপ বাড়ার বিষয়টি তুলে ধরা হয়। এসব বিষয়ে আয়কর কমানো ও শুল্ক হ্রাসের দাবিও জানানো হয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনার দায়িত্ব নির্দিষ্ট নেতাদের ওপর দেওয়া হয়েছে।
সমিতিকে আরও সক্রিয় করতে দেশের সব বৈধ পরিবহন সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















