নাজিফা তুষি অভিনীত মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’ অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে স্থান করে নিয়েছে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ এবং মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি উৎসবের অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ‘রইদ’ চলচ্চিত্রটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) এবং সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছিল। ইউরোপের এই গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নাজিফা তুষির ক্যারিয়ারে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। সম্প্রতি তিনি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত আন্তর্জাতিকভাবে আলোচিত ওয়েব সিরিজ ‘আন্নি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিদেশের উৎসবমহলেও স্থান করে নিয়েছেন। ‘রইদ’-এর মাধ্যমে তিনি আবারও আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রে এসেছেন। চলচ্চিত্রটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও তুতুল ফকির। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের সমকালীন সিনেমার বৈশ্বিক উপস্থিতির ইতিবাচক ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 

























