জামালপুরের ইসলামপুরে পবিত্র ঈদুল আজহার আনন্দ বিষাদে পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে কোরবানির মাংস দিয়ে ভাত খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরে কোরবানির পর পরিবারের সদস্যদের সঙ্গে ইয়াসিন খাবার খাচ্ছিল। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। তিনি জানান, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়েই তার মৃত্যু হয়েছে।
রিপোর্টারের নাম 


















