শরীয়তপুরের ডামুড্যায় ইউটিউব দেখে বাড়ির ছাদে আঙুর চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কলেজ ছাত্র মঈন। তার এই ব্যতিক্রমী বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে লাল, কালোসহ হরেক রঙের আঙুর। দৃষ্টিজুড়ানো এই বাগানটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর ফলগুলোও বেশ সুস্বাদু ও মিষ্টি।
ধানকাঠি ইউনিয়নের আকালবরিশ এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে মঈন ২০২২ সালে শখের বশে অল্প পরিসরে আঙুর চাষ শুরু করেছিলেন। শুরুতে আশানুরূপ ফলন না হওয়ায় এবং আঙুর টক হওয়ায় তাকে অনেকের কটু কথা শুনতে হয়েছিল। তবে দমে না গিয়ে তিনি সেই সমালোচনাকেই শক্তিতে রূপান্তর করেন। ২০২৪ সালে বাড়ির ছাদের ১৫০০ বর্গফুট জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে তোলেন আধুনিক এক আঙুর বাগান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাইকুনু, ডিকসন, ইকোলো ও ভ্যালেসের মতো উন্নত ও বিরল প্রায় ৪৫টি জাতের চারা সংগ্রহ করেন তিনি।
মঈনের কঠোর পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় ২০২৫ সালের শেষ দিকে বাগানটি পূর্ণতা পায়। বর্তমানে বাগান থেকে আঙুর ও চারা বিক্রি করে তিনি প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন। তার এই সাফল্য দেখে স্থানীয় অন্য যুবকরাও এখন আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ থেকেও তাকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























