বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় বিদায় জানানো হয়েছে। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিকপক্ষ মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে ক্রেতার কাছে হস্তান্তর করে। এরপর মহিষটিকে ঢাকায় নিয়ে যান ক্রেতা ও তার লোকজন। মহিষটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল।
এর আগে, মহিষটি দেখতে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল আসার খবর ছড়িয়ে পড়লে প্রায় দেড় সপ্তাহ আগে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা নানান মিথ্যাচার করে ভুল তথ্য দিয়েছিলেন। তবে, সোমবার (২৫ মে) মহিষটিকে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া হয়। খামারের কর্মীরা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে রাজকীয় পোশাক পরিয়ে, রঙিন স্মোক উড়িয়ে এবং স্লোগান দিয়ে বিদায় জানায়। মহিষটির বিদায়বেলায় ফার্মের মালিকপক্ষ ও কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ক্রেতার কাছে চলে যাচ্ছে। এতদিন লালন-পালন করার ফলে স্বাভাবিকভাবে একটু খারাপ লাগছে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। মিডিয়ার কল্যাণে এই ফার্ম ভাইরাল হয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। ডোনাল্ড ট্রাম্পকে আমাদের রাবেয়া অ্যাগ্রো ফার্ম কখনো ভুলতে পারবে না।’
মহিষটির ক্রেতা, রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির বলেন, ‘আমার কেনা কোরবানির পশু এভাবে ভাইরাল হয়ে যাবে, এটা কল্পনাও করিনি। বিশ্বজুড়ে এর খবর ছড়িয়ে পড়েছে। এ জন্য এলাকাবাসী সবাই অপেক্ষা করছে ট্রাম্পের জন্য।’ খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে গোলাপি রঙের এলভিনো জাতের এই মহিষটি কেনা হয়েছিল। বিশেষ যত্নে লালন-পালন করার পর এটি প্রায় ৬৯০ কেজি ওজনের মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























