বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যখন ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালি। দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত এই সরু জলপথটি দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ পণ্য পরিবহন করা হয়। সিঙ্গাপুরের কাছে অবস্থিত এই প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ২.৮ কিলোমিটার চওড়া, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তাবের পর এই অঞ্চলটিকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী এই পথটি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার বাণিজ্যের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত ও কার্যকর রুট। জ্বালানি পরিবহনের পাশাপাশি এটি বৈশ্বিক বাণিজ্যের একটি প্রধান ধমনী হিসেবে পরিচিত।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম দিকেই এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ৩২ লাখ ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়েছে। শুধু জ্বালানি নয়, বিশ্বের প্রায় ২৫ শতাংশ গাড়ির বাণিজ্য এবং ইলেকট্রনিকস ও শিল্পপণ্য পরিবহনেও মালাক্কা প্রণালি অপরিহার্য ভূমিকা পালন করে। ফলে এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















