নরসিংদীতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এই গুরুতর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় পনেরো মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারেন যে, তাদের ২০২৬ সালের পরিবর্তে পুরোনো সিলেবাসের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ভুল শনাক্ত হওয়ার পর দ্রুত সংশ্লিষ্টদের কাছ থেকে পুরোনো প্রশ্নপত্র নিয়ে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে অতিরিক্ত সময় বরাদ্দ না দেওয়ায় পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা কেন্দ্রের সচিব এবং নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে এটিকে “অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর” বলে মন্তব্য করেন। তিনি জানান, ২০১ নম্বর কক্ষে কিছু পরীক্ষার্থীর কাছে ভুলবশত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল, যা জানার পরপরই পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়।
অধ্যক্ষ আরও জানান, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রশ্নপত্র গ্রহণ ও বিতরণের দায়িত্বে থাকা নরসিংদী সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে এবং জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাসেদুজ্জামানকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















