যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কিউবার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল। দেশটিতে বিরাজমান ‘নাটকীয় পরিস্থিতি’ ও গুরুতর মানবিক সংকট নিরসনে আন্তরিক ও সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছে এই তিন দেশের বামপন্থী নেতৃত্ব।
শনিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, কিউবার জনগণ বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট লাঘবে এবং কিউবার জনগণের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও বর্তমান অস্থিতিশীলতার স্থায়ী সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের উদ্যোগে বার্সেলোনায় আয়োজিত এক সম্মেলনের পর এই আহ্বান আসে। সম্মেলনে মেক্সিকো ও ব্রাজিলের শীর্ষ নেতারাও অংশ নেন। উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিউবার ওপর কঠোর তেল অবরোধ আরোপ করার পর দেশটির জ্বালানি ও অর্থনৈতিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সংকট উত্তরণে আলোচনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্ব নেতারা।
রিপোর্টারের নাম 























