ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবের ভিত্তিতে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাঠাবে না। তেহরান এই বিষয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগও আর নেই বলে কঠোর অবস্থান ব্যক্ত করেছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে দেওয়া বক্তব্যে এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না।
খাতিবজাদেহ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে বার্তা আদান-প্রদান হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত ও দাবি সামনে এনেছে, যা তেহরানের কাছে অতিরঞ্জিত ও অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন যে, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের কিছু অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েছে, যা আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
এর ফলে, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় নতুন কোনো অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা আপাতত অনিশ্চিতই রয়ে গেল।
রিপোর্টারের নাম 






















