মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ২০০ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারি চালানোর পর ‘অপ কুটিপ’ নামক এই অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুর ও পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল এই অভিযানে সরাসরি অংশ নেয়।
অভিযান চলাকালীন ইমিগ্রেশন কর্মকর্তারা প্রায় ৫০০ জনের নথিপত্র যাচাই করেন। এর মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় ১২৫ জন পুরুষ এবং ৭৫ জন নারীকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, আটকদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ভিজিট পাসের শর্ত লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, শুধু তামান মালুরি নয়, কুয়ালালামপুরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে অবস্থানকারীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























