চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মদ্যপ অবস্থায় বয়োবৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত মো. কামাল উদ্দিনকে (৪৪) আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় তার বয়োবৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করে আসছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পুলিশের সহায়তায় গভীর রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























