রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আইবিসি ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়েছে। গত সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তাঁর শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনু মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ এবং আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. রহমান ম. মাহবুব। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বৃক্ষ উপহার দিয়ে বরণ করা হয়। পরে অধ্যাপক আহমেদ রেজা ফুল দিয়ে অধ্যাপক ইলিয়াসকে শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত অতিথিদের নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নকশার উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যাপক ইলিয়াসকে শাল পরিয়ে সম্মাননা জানানো হয়। এরপর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মানপত্র পাঠ করেন কামরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, অধ্যাপক ইলিয়াসের অবদান কেবল একজন শিক্ষকের সাফল্য নয়, বাংলাদেশের বৌদ্ধিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি আনোয়ার হোসেন তাঁর সংযমী ও মননশীল জীবনধারার প্রশংসা করেন। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, অধ্যাপক ইলিয়াস নীরবে ও নিষ্ঠার সঙ্গে বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ বাংলায় অনুবাদ করে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি এই অনুবাদকর্মের জন্য তাঁকে অভিনন্দন জানান।
সম্মাননা গ্রহণের পর খালিকুজ্জামান ইলিয়াস মানবজীবনে বিনয়, সংযম, সমতা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ যদি নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারে, তাহলে পৃথিবীতে সংঘাত ও হিংসা অনেক কমে আসবে এবং সমাজ আরও শান্তিপূর্ণ হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা অধ্যাপক ইলিয়াসের সরল জীবনযাপন, জ্ঞানচর্চা, সাহিত্যবোধ এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর মানবিক আচরণের কথা স্মরণ করেন। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। এছাড়া অধ্যাপক ইলিয়াসের অনুবাদ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টারের নাম 

























