সৌদি আরবে শ্রম আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই অভিযানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে এখন পর্যন্ত ৭ হাজার ২০০টিরও বেশি কর্মভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কোম্পানিগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের প্রথম তিন মাসে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ বার পরিদর্শন চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় ১ লাখ ৬৮ হাজার শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আধুনিক ডিজিটাল মনিটরিং ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক কার্যক্রম বিশ্লেষণ করে ১৩ হাজার ৫০৯টি গুরুতর কর্মসংস্থান সংক্রান্ত অনিয়ম শনাক্ত করা হয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে ‘নিতাকাত’ কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’। এছাড়া অনিয়ম সংশোধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নিয়ম ভঙ্গের দায়ে ৩ হাজার ৫২২টি রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। শুধু মাঠ পর্যায়েই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও কড়াকড়ি বাড়িয়েছে প্রশাসন; অবৈধ গৃহকর্মী সেবার প্রচারণা চালানোর অভিযোগে ২৩৮টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























