মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার ভাই। একসঙ্গে চার সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। পরিবারের উপার্জক্ষম ব্যক্তিদের হারিয়ে শোকের পাশাপাশি ভবিষ্যতের অনিশ্চয়তায় স্তব্ধ স্বজনরা। দীর্ঘ প্রতীক্ষার পর যখন চার ভাইয়ের কফিনবন্দি মরদেহ বাড়িতে পৌঁছায়, তখন এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহতরা হলেন—রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। প্রায় এক দশক আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রথমে এক ভাই ওমানে পাড়ি জমান, পরে একে একে বাকি তিন ভাইও সেখানে যান। সেখানে তারা গাড়ি ধোয়ার ব্যবসা গড়ে তুলেছিলেন এবং কঠোর পরিশ্রমে পরিবারে সচ্ছলতা ফিরিয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। রাশেদুলের দুটি ছোট সন্তান রয়েছে এবং শাহেদুলের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। বাকি দুই ভাই সিরাজুল ও শহিদুলের বিয়ের কথা চলছিল। এমনকি আগামী শুক্রবার তাদের দেশে ফেরার কথা ছিল এবং তাদের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও নিচ্ছিল পরিবার। কিন্তু আনন্দ উৎসবের বদলে এখন পুরো বাড়িতে চলছে শোকের মাতম।
বৃদ্ধা মা খদিজা বেগমকে প্রথমে ছেলেদের মৃত্যুর খবর জানানো না হলেও মরদেহ বাড়িতে পৌঁছালে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। একমাত্র জীবিত ভাই এনামুল হক এখন পরিবারের এই বিশাল শোক ও ভবিষ্যতের ভার নিয়ে বিচলিত। স্থানীয় বাসিন্দারা এই শোকাতুর পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























