কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন এক ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সমুদ্রপথটি এখন থেকে সবার জন্য অবাধ থাকবে না। বিশেষ করে ইরানের শত্রু বা বিরোধী রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্মকর্তার বরাতে জানা গেছে, গত রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে এই প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের জাহাজকে এই সুযোগ দেওয়া হয়েছে, নিরাপত্তা ও কৌশলগত কারণে তা প্রকাশ করেনি ইরান। অন্যদিকে, সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, অনুমতি পাওয়া জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি চীনা মালিকানাধীন কোম্পানির।
ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি এখন থেকে ‘পুরোপুরি খোলা’ কিংবা ‘পুরোপুরি বন্ধ’—কোনোটিই নয়। এই নৌপথ ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালুর পাশাপাশি বিদেশি ভেসেল থেকে ট্রানজিট ফি বা বিশেষ মাশুল আদায়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটি। মূলত নিজেদের সমুদ্রসীমায় নিয়ন্ত্রণ আরও জোরালো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























