নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী সন্দেহে জিসান নামের এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জিসান স্থানীয় ইউনুছ মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে একদল লোক জিসানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে পরিবারের কাছে ফেলে রাখা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিহতের স্বজনরা ভাঙচুর চালায়। ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























