বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার সকাল থেকে আবহাওয়া উত্তাল থাকায় কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না। ফলে হাতিয়ার নলছিরা ঘাটে আটকা পড়েছেন দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা শত শত যাত্রী।
কর্তৃপক্ষ জানিয়েছে, নদী উত্তাল থাকায় এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ার পর নিরাপত্তার স্বার্থে সিট্রাক, ফেরি ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, হাতিয়া চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে নৌচলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























