হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদনটি জমা দেন নিহত শিশুর বাবা সিরাজুল ইসলাম। মামলায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকেও বিবাদী করা হয়েছে।
বাদীর অভিযোগ, তার শিশুসন্তান সাউদা নুসকানের মৃত্যুর পেছনে সংশ্লিষ্টদের চরম অবহেলা রয়েছে। আইনি প্রতিকার চেয়ে করা এই আবেদনের প্রেক্ষিতে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে এ বিষয়ে কোনো আদেশ তাৎক্ষণিকভাবে না দিয়ে তা অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি।
মামলার আবেদন সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের শিশুকন্যা সাউদা নুসকান সম্প্রতি হামে আক্রান্ত হয়ে মারা যায়। বাদী মনে করছেন, যথাযথ চিকিৎসাব্যবস্থা ও সরকারি পদক্ষেপের অভাবে এই প্রাণহানি ঘটেছে, যা দণ্ডবিধি অনুযায়ী অবহেলাজনিত মৃত্যুর শামিল। এই অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 






















