গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার। তিনি জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করলেও সরেজমিনে কোথাও কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি। তার মতে, প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম এ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার চরকোশুণ্ডা কালীমন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজন কান্তি সরকার উল্লেখ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর নির্দেশনা ছিল যেন কোনো ধর্মীয় সংখ্যালঘু বা অন্য কারো ওপর কোনো ধরনের আঘাত না আসে। দলের নেতাকর্মীরা সতর্ক থাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে বসবাসের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতায় সব ধর্মের মানুষের সমান অবদান রয়েছে।
রিপোর্টারের নাম 






















