রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করতে সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও দক্ষ চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করে জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হচ্ছে।
পিজিআর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় এই বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, প্রথাগত ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মতো নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব মোকাবিলায় পিজিআরকে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
রাষ্ট্রপতি আরও গুরুত্বারোপ করেন যে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সময় যেন সাধারণ জনগণের সঙ্গে তাদের স্বাভাবিক যোগাযোগ ও সুসম্পর্ক ব্যাহত না হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। আধুনিক প্রযুক্তি ও পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে পিজিআর ভবিষ্যতে আরও শক্তিশালী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















