নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার জয়ন্ত রায় (২৬) এবং মুমিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামত কাজ চলছিল। অভিযোগ উঠেছে, বিদ্যুতের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন না করেই শ্রমিকরা খুঁটিতে উঠে কাজ শুরু করেছিলেন। কাজ চলাকালীন হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা নিশ্চিত করা হলে এই প্রাণহানি এড়ানো সম্ভব হতো। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























