ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন এবং ব্রিকস সদস্যদের এই বিষয়ে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। আরাগচি তার বক্তব্যে বলেন, ইরানের ওপর অবৈধ আগ্রাসনসহ নানা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অবস্থান নেওয়া। তিনি ব্রিকসকে একটি ‘নতুন বিশ্বব্যবস্থার উদয়’ হিসেবে অভিহিত করেন, যেখানে গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ রোধ এবং যুদ্ধংদেহী নীতি বন্ধে ব্রিকস জোটকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বিশ্বাস করেন, ব্রিকস জোট বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।
রিপোর্টারের নাম 
























