ওমানের উপকূলীয় অঞ্চলে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলাকারীর হামলায় বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড। সৌভাগ্যবশত, ১৪ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জাহাজটির নাম ছিল এমএসভি হাজ আলি। এটি সোমালিয়ার বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর দিকে গবাদি পশু নিয়ে যাচ্ছিল। হরমুজ প্রণালীর দক্ষিণ-পশ্চিমে, ওমানের লিমা উপকূলের কাছে জাহাজটি এই হামলার শিকার হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নাবিকরা জীবন বাঁচাতে জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। মেরিটাইম ট্র্যাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এমএসভি হাজ আলি ছিল ৫৪ মিটার দীর্ঘ একটি কাঠের তৈরি ধো নৌকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে জাহাজে থাকা সকল নাবিকের উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে।
রিপোর্টারের নাম 
























