রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে—এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা আমাদের একার দাবি নয়, বরং নতুন বাংলাদেশের দাবি।’ বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আগামী সংসদকে কার্যকর দেখতে চান উল্লেখ করে বলেন, সরকারদলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে এবং সব কমিটমেন্ট রক্ষা করা হবে। এছাড়া, গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি বলেন, রংপুর বিভাগের সঙ্গে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না।
এদিকে ইফতার চলা অবস্থায় এনসিপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়, এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ইফতার করতে আসা অনেকে খাবার পাননি বলেও অভিযোগ ওঠে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর মহানগরের সদস্য সচিব মাহফুজ উন নবী এবং জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সেক্রেটারি জেনারেল কেএম আনোয়ারুল ইসলাম কাজলসহ ১১ দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতারা।
রিপোর্টারের নাম 





















