দেশজুড়ে অব্যাহত গ্যাস-বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সরকারের জ্বালানি ও বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাতে হারিকেন ও রান্নার খালি হাঁড়ি-পাতিল নিয়ে এই প্রতিবাদ জানান।
সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বর্তমান বিদ্যুৎ পরিস্থিতিকে ২০০২-২০০৪ সালের খাম্বা সংস্কৃতির সাথে তুলনা করেন। বক্তারা অভিযোগ করেন, ঘরে ঘরে বিদ্যুৎ না থাকলেও গ্রাহকদের ওপর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সংকটের ফলে আবাসিক এলাকায় রান্নার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যার প্রভাব পড়ছে সিলিন্ডারের উচ্চমূল্যের ওপরও। অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান শিক্ষার্থীরা।
রিপোর্টারের নাম 























