নেত্রকোনার মদন উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি দুর্যোগ আশ্রয়কেন্দ্র দীর্ঘ সময় ধরে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে নির্মিত এই স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে দরজা-জানালাসহ মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত এই কেন্দ্রগুলোর প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, গোবিন্দশ্রী ইউনিয়নের বড্ডা ও মণিকা গ্রামে নির্মিত কেন্দ্র দুটি কোনো কাজে আসছে না। স্থানীয়দের অভিযোগ, বড্ডা আশ্রয়কেন্দ্রটি এখন মাদকসেবী ও জুয়াড়িদের আখড়ায় পরিণত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি, কাজ শেষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো বুঝে নিচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রগুলো এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, বিষয়টি জেলা প্রশাসন ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























