দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে। আমদানির খবরে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে।
জানা গেছে, সরকার ১১ জন আমদানিকারককে প্রায় ৩ হাজার ৪০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, বিরূপ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গিয়ে দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। তবে আমদানি শুরুর ফলে মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত দাম কমেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দীর্ঘ বিরতির পর আবারও এই বন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম থাকায় এবং নিয়মিত সরবরাহ বজায় থাকলে কাঁচা মরিচের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
রিপোর্টারের নাম 

























