সরকার ঘোষিত দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। এই চলমান অভিযানে গত দশ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের অভিযোগে ২৫ জন জেলেকে আটক করা হয়েছে। একই সময়ে ১৮টি মাছধরা নৌকা জব্দ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশ সূত্র জানায়, প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিপণনে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর জলসীমায় দিন-রাত নৌ টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মোহনপুর, দশানি, বাহাদুরপুর, সটাকি, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছ আহরণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে আরও জানা যায়, চলমান জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে নিষেধাজ্ঞা ভঙ্গ করে জাটকা ইলিশ নিধনের দায়ে মোট ২৫ জন জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ১৮টি মাছধরা নৌকা জব্দ করা হয় এবং প্রায় ৯ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের মূল ভিত্তি। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর এবং জাটকা নিধনকারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান সম্পর্কে কয়েকজন জেলে জানান, নৌ পুলিশ তাদের নদী থেকে ধরে নিয়ে যায়, জাল পুড়িয়ে দেয় এবং নৌকা জব্দ করে। তবে, জাটকা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 






















