কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কালা মিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। অভিযুক্ত দুই ছেলের নাম শাকের আলম ও মনির আলম। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মামুন জানান, হাসপাতালে আনার আগেই কালা মিয়ার মৃত্যু হয়। তার শরীরের কয়েকটি সংবেদনশীল স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কালা মিয়ার স্ত্রী তাদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করা নিয়ে দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। ছেলেরা জমিটি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করছিল। কিন্তু সব ওয়ারিশের মধ্যে ভাগ করে দেওয়ার পর জমি বিক্রি করার কথা বললে তারা তাতে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের একপর্যায়ে দুই ছেলে তাদের বাবাকে বেধড়ক মারধর করে।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নেওয়ার বিষয়টি নিয়ে প্রায়ই বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদ করত। বিষয়টি নিয়ে এর আগে কালা মিয়ার বড় মেয়ে তাকে জানিয়েছিলেন এবং তিনি ছেলেদের ডেকে বুঝিয়ে বলারও চেষ্টা করেছিলেন। তিনি আরও জানান, গত দুইদিন ধরে তারা সম্পত্তির বিষয়টি নিয়ে বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছিল বলে অভিযোগ রয়েছে। পরে রাতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, সামান্য জমির লোভে আমার দুই ভাই বাবাকে মারধর করে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জমিজমার বিরোধে নিজের ছেলেদের মারধরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























