নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট এবং বিদ্যুতের অস্বাভাবিক বিলের প্রতিবাদে দেশজুড়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। আগামী ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে জোটটি।
সোমবার রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক শীর্ষ বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জানানো হয়, ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সরকারের ব্যর্থতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো হবে। এরপর ৬ আগস্ট বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে সক্রিয় থাকবে জোট। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, যার দায় সরকার এড়াতে পারে না।
রিপোর্টারের নাম 






















