বরিশালের উজিরপুর উপজেলায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা সভাপতিত্ব করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল্লাহ বারী এবং উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরবর্তীতে, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মহড়াও অনুষ্ঠিত হয়।
রিপোর্টারের নাম 

























